গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমিজমা বিরোধ কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে ওসি ও সাত পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৫৭ রাউন্ড গুলি বর্ষণ করেছে।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হিঙ্গুল সরদার (৩৫) মারা যায়। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। নিহত হিঙ্গুল সরদার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইরফুল সরদারের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে জমিজমা নিয়ে হারুন-অর-রশিদ মোল্ল্যার সঙ্গে সাইফুল সিকদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৭ রাউন্ড গুলি বর্ষণ করে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ও সাত পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
মারাত্মক আহত সাইফুল সিকদারের সমর্থক হিঙ্গুলকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরি ঘাটে মারা যায়।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ও সাত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আহতদের গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

