চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অসাবধানতাবশত যাত্রীবাহী বাস রেললাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে উপজেলার বারইয়ারহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন সুনির্মল চাকমা, তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী বলে জানা গেছে। অন্যজনের নাম জানা যায়নি। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসটি ভোরে বারইয়ারহাট রেলক্রসিংয়ে কোনো সিগনাল না দেখে পার হতে যায়। এ সময় দ্রুতগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন এসে বাসটিতে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের আর্তচিৎকারে আশপাশের মানুষ ও মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের সেখানে চিকিৎসা ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিরসরাইয়ের স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দীন জানান, ভোরে হঠাৎ করেই জোরে শব্দ হয়। এরপর বাসের ঘুমন্ত যাত্রীরা আর্তচিৎকার করতে থাকেন। তিনি জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় একে একে বাস থেকে হতাহত যাত্রীদের বের করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার পর এক লেনে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর সাড়ে ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রেললাইন থেকে সরানো হয়েছে। চালক, তার সহকারী (হেলপার) ও বাসের সুপারভাইজার পালিয়ে গেছেন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

