ঢাকাSaturday , 1 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ১

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে চলন্ত বাসে চালক-শ্রমিক কর্তৃক মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের চালকের সহকারী নাজমুলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নাজমুল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৩নং পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন শুক্রবার রাত সাড়ে ১০টায় জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল-যমুনা সেতু পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাতের বেলা হওয়ায় বাসে যাত্রী কম ছিল। তা ছাড়া, যাত্রীরা সবাই বাসস্ট্যান্ডের পূর্বেই তাদের গন্তব্যে নেমে গিয়েছিল। এ সময় বাসে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী একা থাকার সুযোগে বাসের চালক ও সহকারীরা বাসটিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের রেলস্টেশনের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায়। পরে বাসের চালক আলম মেয়েটিকে বাসেই ধর্ষণ করে। এ সময় তার সহকারী নাজমুল ও সুপারভাইজার বিষু বাইরে পাহাড়া দিচ্ছিল। পরে তারাও মেয়েটির ওপর নির্যাতন চালায়। এ সময় মেয়েটির চিৎকারে স্টেশনে দায়িত্বরত নাইটগার্ড বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার টহলরত পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার ও বাস চালকের সহকারী নাজমুলকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক আলম ও সুপারভাইজার বিষু পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
উদ্ধারকৃত মেয়েটি তার পরিচয় বলতে পারছে না। তবে প্রাথমিকভাবে তার নাম রানু বলে জানা গেছে। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত বাসের হেলপার নাজমুলকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নূরে আলম বাদী হয়ে বাসের চালক, তার সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ বাসটি জব্দ করেছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা নামের এক তরুণীকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে এবং বাসেই তাকে হত্যার পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার পঁচিশ মাইল নামক এলাকায় বনের মধ্যে তার লাশ ফেলে রেখে যায়। এই ঘটনা সারা দেশে আলোড়নের পর পুলিশ বাসের চালক-হেলপারসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।
পরে ওই বছরেরই ১৫ অক্টোবর এ মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীকালে রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বিচারের জন্য পর দিন ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। গত ২৫ অক্টোবর আদালত এই অভিযোগপত্র গ্রহণ করেন। চলতি বছরের ২৩ জানুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মোট ৩২ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য প্রদান শেষে গত ১২ ফেব্রুয়ারি এ মামলায় চারজনের ফাঁসির আদেশ দেন আদালত। চাঞ্চল্যকর রূপা ধর্ষণ ও হত্যা মামলার এক বছর পর আবারো টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটলো।