
ছবি-প্রতীকী
বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় ঘরে ঢুকে শহীদ মোল্লা (৪২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার শ্রীপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত শহীদ মোল্লা শ্রীপুর এলাকার মৃত করিম মোল্লার ছেলে। ঢাকাতে তার পোশাকের দোকান রয়েছে।
নিহতের স্ত্রী খালেদা বেগম জানান, ঈদের দুদিন পর তার স্বামী শহীদ মোল্লা ঢাকা থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাতে স্বামী শহীদ মোল্লার গোঙ্গানী ও ধস্তাধস্তিতে তার ঘুম ভাঙে। পরে তিনি দেখেন তিন জন লোক ধারালো অস্ত্র দিয়ে স্বামী শহীদ মোল্লাকে আঘাত করছেন। এ সময় খালেদা বেগম চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আহত স্বামীকে হিজলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান, সিধ কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শহীদ মোল্লাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল বিভিন্ন আলামত দেখে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতারে কাজ করে যাচ্ছে।

