নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে রুবেল মিয়া (৩০) নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালক খুন হয়েছেন।
মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত দেড়টার দিকে উপজেলার কদমতলী এলাকায় মারধরে গুরুতর আহত হন তিনি। রুবেল কদমতলী এলাকার মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কদমতলী এলাকায় জিসান ও সনেট নামে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। জিসানের কাছে ২ হাজার টাকা পাওনা নিয়ে সোমবার রাতে বাকবিতণ্ডায় জড়ায় সনেট। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখানে রুবেল হাজির হয়ে মারামারি না করে বিচার করে দেওয়ার আশ্বাস দেয়। এতে সনেট ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে রুবেলকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল জানান, সোমবার কদমতলী এলাকাতে পঞ্চায়েত কমিটির সভা হয়। সেখানে রুবেল মাদকের বিরুদ্ধে কথা বলেছিলেন। এর মধ্যে রাতে দু’গ্রুপের মধ্যে মারামারি চলাকালে রুবেল হাজির হলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
তিনি আরও জানান, সনেট, হৃদয়সহ ছয়জনকে আটক করা হয়েছে। নিহতের ছোট ভাই সুমন মিয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেছে।

