নিজস্ব প্রতিবেদক : ঢাকার মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে র্যাব-১০ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার এবং চারজনকে আটক করে।
আটককৃতদের পরিচয় এখনো প্রকাশ করেনি র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলেই সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
তিনি জানান, চট্টগ্রামের লোহাগড়া থেকে চারটি পৃথক পার্সেলে করে প্রসাধনীর কৌটার ভিতরে করে এসব ইয়াবা ঢাকায় আনা হয়েছিল। এই চালানে ৪০ হাজার পিস ইয়াবা ছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

