যশোর প্রতিনিধি : যশোর শহরে মশিয়ার রহমান (৪৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী খুন হয়েছেন। রোববার সন্ধ্যায় শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় ধাওয়া করে ছুরিকাঘাতে তাকে খুন করা হয়। মশিয়ার রহমান শংকরপর এলাকার তকব্বর শেখের ছেলে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাইপো রিপন শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে মশিয়ার রহমানের ভাইপো শোভনকে খুঁজতে যায় সন্ত্রাসীরা। এসময় তাকে না পেয়ে আরেক ভাইপো ইকবাল শেখের মুদির দোকানে ভাংচুর চালায় তারা। মশিয়ার ঠেকাতে গেলে তাকে ধাওয়া করে সন্ত্রাসীরা। তিনি দৌড়ে আবদুল হামিদের বাড়িতে আশ্রয় নিলে, সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, ছুরিকাঘাতে মশিয়ার রহমানের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা হত্যা করেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

