বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের খালে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের লাশ। ধারণা করা হচ্ছে, জন্মের দুই-তিনদিন পর নবজাতকটিকে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।
বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বাইলার খাল থেকে রোববার নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন জানান, নবজাতকটি বাইলার খালে ভাসছিল। স্থানীয় লোকজন তা দেখার পর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
কে বা কারা শিশুটিকে হত্যা করে ফেলে দিয়েছে তা জানতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

