ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী মাদককে না বলার শপথ নিয়েছে। ‘স্বপ্ন যেখানে গতিময়’ স্লোগানে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণিত অলিম্পিয়াড বিষয়ক একটি সভায় শুক্রবার সকালে শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করান র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইস উদ্দিন।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি (ম্যাথ) ও ‘উৎকর্ষ’ নামের একটি বেসরকারি শিক্ষামূলক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
ম্যাথ কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক মো. রইস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ও সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের রহমান রাশেদ।
অনুষ্ঠানে সদরপুর মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, প্রধান শিক্ষক মো. জায়েদুর রহমান খান, শিক্ষক রহিমা খাতুন, মোল্যা মো. ফরিদুল ইসলাম, গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক শাখাওত হোসেন সজিব, উৎকর্ষ এর পরিচালক কাজী তাওহিদ, সদস্য শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক সমাজকে গ্রাস করছে। একটি মাদকমুক্ত দেশ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরীসীম। সুস্থ সুন্দর জীবন ও সমাজ গড়তে সর্বদা মাদকের বিরুদ্ধে আমাদের পথ চলা সময়ের দাবি।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্ব স্ব জায়গায় থেকে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

