
পাসপোর্ট অফিসে ‘বেল চাপুন’ সিস্টেম চালু
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিবন্ধীদের জন্য চালু করা হয়েছে ‘বেল চাপুন’ সিস্টেম।
রোববার দুপুরে প্রতিবন্ধীদের জন্য ‘বেল চাপুন’ সিস্টেম উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শরীয়তপুর পাসপোর্ট অফিসে সদ্য যোগদানকৃত সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান গ্রাহকদের সেবার মান বাড়ানোর জন্য এ উদ্যোগ নেন।
এ সিস্টেমে প্রতিবন্ধীরা বেল চাপলেই তার সেবায় হাজির হয়ে যাবেন কর্মকর্তারা। এছাড়া প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কাউন্টার, পাসপোর্ট অফিসে আসা সেবা প্রত্যাশীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, মাতৃদুগ্ধ পান কক্ষ ও ডেলিভারি কাউন্টারে অপেক্ষমানদের বসার ব্যবস্থা করা হয়েছে।
আনিছুর রহমান বলেন, প্রতিবন্ধীরা বেল চাপলে আমাদের কর্মকর্তারা তার সেবায় হাজির হয়ে যাবেন। তাকে প্রয়োজনীয় সেবা দিবেন।
তিনি আরো বলেন, পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। পাসপোর্ট অফিস আগের অবস্থা থেকে বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছে। সেই ধারাবাহিকতায় সরকারের ইনোগ্রেশনের অংশ হিসেবে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

