বিনোদন ডেস্ক
বর্তমান সময়ে যারা হিরো হিসেবে চলচ্চিত্রে কাজ করছেন নিয়মিত। কি ভাবছেন তারা সালমান শাহকে নিয়ে। কতটুকুই বা জানেন তারা সালমান সম্পর্কে। এরকম প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এ প্রতিবেদনে।
জায়েদ খান
সালমান শাহ এ দেশের চলচ্চিত্রকে ভিন্নভাবে দেখছিলেন এবং সবাইকে দেখিয়েছিলেন। তার নিজস্ব একটা স্টাইল ছিলো। ফলে তার সময়ের অন্য নায়করাও তাকে অনুসরণ করতো। আমাদের দেশে এখন ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। ফলে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় ছবি নির্মিত হচ্ছে। আমাদের উচিত সালমান শাহের মতো চলচ্চিত্রকে ভালোবেসে কাজ করা।
নিরব
আমরা যখন কোন একটা ছবির শুটিং করি দেখা যায় সে ইউনিটে একজন না একজন সিনিয়র মেকআপ ম্যান, লাইট ম্যান বা চিত্রগ্রাহক পাই। যারা সালমান শাহর সঙ্গে কাজ করেছেন। তাদের কাছে গল্প শুনি সালমানের। আর মুগ্ধ হই। সেই মুগ্ধতা থেকেই সালমান শাহর ‘অন্তরে অন্তরে’ চলচ্চিত্রটির রিমেকে আমি সালমান শাহর চরিত্রটিতে অভিনয় করছি। ছবিটি নির্মাণ করছেন আতিক রহমান। এ কাজটির মাধ্যমে আমরা সালমান শাহকে আবারো দর্শকের কাছে নিয়ে আসতে চাই।
বাপ্পি চৌধুরী
সালমান শাহ আমাদের চলচ্চিত্রের কৃতি সন্তান। তাই বর্তমান সময়ের সব নায়কই তার মতো হতে চায়। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ছবির গল্পের ধারা পরিবর্তিত হয়েছে। তাই সালমান শাহের সময়ের ছবির সঙ্গে বর্তমান ছবির অনেক পার্থক্য। তাই ইচ্ছা করলেই আমরা সালমানের মতো ছবি উপহার দিতে পরবো না। তবে তার মতো অভিনয় দক্ষতা অর্জন করা সম্ভব।
সায়মন
সালমান শাহের মতো নায়ক বারবার আসবে না। তাই দর্শক হৃদয়ে তিনি সবসময়ই বেঁচে থাকবেন। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন প্রয়োজন সালমান শাহের মতো করে নিজেকে তৈরি করা। ছবি নিয়ে আরো বেশি এক্সপেরিমেন্ট করা। তাহলেই সালমানের স্বপ্ন পূরণ সম্ভব হবে।


