সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মোল্লা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাপগঞ্জের উত্তর রনিখাইল ঘুগারকুল গ্রামের সিকন্দর আলীর ছেলে তরমুজ আলী (৪৫) ও সিএনজি চালক সুরুজ মিয়া (৪০)। তারা দুজন আপন সহোদর।
এ ছাড়া আহতদের মধ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ফজলুর রহমানের পরিচয় জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি গোলাপগঞ্জ থেকে সিলেটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নেভান।
সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

