কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুলিসহ বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-১১ ও সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হয়।
কুমিল্লাস্থ র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান মোবাইলফোনে এক খুদে বার্তায় জানান, নিহত ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক ইয়াবা ও গুলি-পিস্তল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে র্যাব জানায়।

