গোপালগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক নিশ্চিত করতে গোপালগঞ্জে সকল প্রকার যানবাহনে যথাযথ আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গোপালগঞ্জ জেলা প্রশাসন আযোজিত মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর নেওয়া ৭টি পদক্ষেপ তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, ‘গোপালগঞ্জে সকল প্রকার যানবাহনে যথাযথ আইন প্রয়োগ করে নিরাপদ সড়ক তৈরি করা হবে। কারো কোন সুপারিশ মানা হবেনা।’
এছাড়া স্কুলের সামনে ৭ দিনের মধ্যে স্পিড-ব্রেকার নির্মাণের জন্য সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিইডি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, পুলিশ, স্কুল-কলেজের প্রধানগণ, সাংবাদিক, সুধীসমাজ, শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

