চট্টগ্রাম প্রতিনিধি : হানিফ পরিবহনের একটি বাসে ঢাকা যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় ছাত্র পায়েলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সিটি গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে পায়েল হত্যায় জড়িতদের ফাঁসি এবং হানিফ পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানানো হয়।
বেলা ১১টার দিকে সিটি গেট এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেয় শত শত মানুষ। অনেকে মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোস্তাক আহমদ, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা পায়েলের হত্যকারীদের দ্রুত বিচার শেষ করে ফাঁসির দাবি জানান। একই সাথে নিরাপরাধ মানুষ হত্যাকারী হানিফ পরিবহনের রুট পারমিট বাতিল করার দাবি জানান।
গত ২১ জুলাই রাতে চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের এসি বাসে করে ঢাকা যাচ্ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল। মুন্সিগঞ্জে যানজটে গাড়ি আটকে থাকায় ‘বাথরুম’ করতে নেমেছিলেন তিনি। যানজট ছেড়ে দেওয়ায় হানিফ পরিবহনের ওই বাসটি সামনে চলে যায়। পায়েল দৌড়ে বাসে উঠতে যাওয়ার সময় বাসটির স্বয়ংক্রিয় দরজায় আঘাত পান এবং তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার আহত পায়েলকে নদীতে ফেলে দেয়। দুদিন পর মুন্সিগঞ্জ থানা পুলিশ পায়েলের লাশ উদ্ধার করে।

