রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলার দুর্গম চর থেকে গ্রেপ্তারকৃত চার জেএমবি সদস্যের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া হাকিমি আদালতের বিচারক আরিফুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল মতিন জানান, গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিন মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত জেএমবি সদস্যরা চর এলাকায় ব্যাপক সাংগঠনিক তৎপতা চালাচ্ছিল। এদেরকে আটকের জন্য বেশ কিছুদিন থেকে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর ছিল। সোমবার সকালে কেন্দ্রীয় পুলিশের ইনটিলিজেন্স ব্রাঞ্চ ও বগুড়া পুলিশের গোয়েন্দা (ডিবি) ইউনিটের বিশেষ শাখা অভিযান চালিযে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি একে ২২ রাইফেল ,রাইফেলের ১টি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিনসহ ২টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, ২টি ছোরা ও নগদ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো-রংপুর বিভাগের দাওয়াহ সদস্য আজহারুল ইসলাম ওরফে ওয়ানুর (৩২), গঙ্গাচড়ার চর বাগডহড়া গ্রামের আকরামুজ্জামান ওরফে মুকুল, একই গ্রামের মো. ফারুক, জেএমবির সামরিক শাখার সদস্য আব্দুল হাকিম ওরফে মিলন।

