
বগুড়ায় সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্যোগে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন
নিজস্ব প্রতিনিধি : বগুড়া ও রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই রংপুরে এবং ২০ জুলাই বগুড়ায় এই কর্মশালার আয়োজন করা হয়।
বগুড়া : বগুড়ার শেরপুরস্থ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন। তিনি গৃহীত পরিকল্পনাগুলো সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে প্রকল্পকে সাফল্যমন্ডিত করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ। বগুড়া অঞ্চলভুক্ত ৪ জেলা বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধার ১৪টি উপজেলায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।
কর্মশালায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস এম মোস্তাফিজুর রহমান, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম, ঈশ্বরদী কৃষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)’র অধ্যক্ষ কৃষিবিদ এস এম হাছেন আলীসহ বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার উপ-পরিচালকগণ, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক এবং সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
রংপুর : ডিএই’র রংপুরস্থ অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ। রংপুর অঞ্চলের অতিরিক্ত কৃষিবিদ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। কর্মশালায় চলতি ২০১৮-১৯ অর্থবছরে রংপুর অঞ্চলভুক্ত রংপুর, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার ১৪টি উপজেলায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় এবং এগুলো বাস্তবায়নে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ আহ্বান করা হয়।
কর্মশালায় রংপুর ও বগুড়া অঞ্চলভুক্ত জেলাগুলোর বিভিন্ন উপজেলায় বিগত বছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রভাব ও মূল্যায়ন তুলে ধরে সেগুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের ঘোষণা দেয়া হয়। কর্মশালায় রংপুর, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক, উপজেলাগুলোর কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

