গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গৃহবধূ লিপি বেগম (২৫) হত্যার রহস্য উৎঘাটন হয়েছে। তাকে তার স্বামী ইব্রাহীম শেখ ছুরিকাঘাতে হত্যা করেছে।
স্বামীকে ফুটবল খেলা দেখতে যেতে বাঁধা দেওয়ার কারণে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী ঘরে থাকা ছুরি স্ত্রীর পেটে ঢুকিয়ে দেয়। এতে লিপি বেগম নিহত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।
গত বুধবার গভীর রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। ওসি জানান, স্বামী ইব্রাহীম শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে কাশিয়ানী থানায় নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন। তিনি পুলিশকে জানান, রাগের বসে স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দেন তিনি।
রক্ত দেখে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। হুশ ফিরলে ঘরে সিঁদ কেটে ডাকাত ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে এবং তাকে পিটিয়ে আহত করেছে বলে প্রচার করেন। তিনি আরো প্রচার করেন, এলাকাবাসী তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লিপি বেগমের অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেওয়ার পথে ফেরিতে লিপি মারা যায়।
পুলিশের সন্দেহ হলে ফরিদপুর মেডিকেলে গিয়ে ইব্রাহীমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। ইব্রাহীম নিজেকে বাঁচানোর জন্য গল্প সাজিয়েছে বলে জানান।

