টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রানাগাছা এলাকায় ঝিনাই নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল শহররক্ষা বাঁধ, কবরস্থান, রাস্তাঘাট ও বসতি ভিটা। যেকোনো সময় শহররক্ষা বাঁধ ভেঙে শহরে পানি প্রবেশ করতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, শুষ্ক মৌসুমে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় বন্যার সময় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বাংলা ড্রেজারের বিষয়ে স্থানীয় চেয়ারম্যানসহ জেলা প্রশাসনকে একাধিকবার অভিযোগ করলেও তারা বিষয়টি আমলে নেয়নি। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রানাগাছা এলাকায় বসবাসকারীদের।
ইতিমধ্যে রানাগাছা এলাকার পুরাতন কবরস্থান ভেঙে বিলীন হলেও কয়েক দিনের মধ্যে নতুন কবরস্থান ভাঙতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। কয়েকটি বসতভিটা হুমকির মধ্যে রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, রানাগাছা এলাকার রাস্তা (শহররক্ষা বাঁধ) আংশিক ভেঙে গিয়ে হুমকির মুখে রয়েছে। ওই এলাকার তুলা মিয়া ও শাহাদৎ হোসেনের বসতভিটার আংশিক ভেঙে নদীতে বিলীন হয়েছে। বাঁশঝাড় ভেঙে নদীতে পড়ে আছে। পুরাতন কবরস্থান ভেঙে গিয়েছে। যেকোনো সময় নতুন কবরস্থান ভাঙতে পারে।
রানাগাছা এলাকার মো. মোলায়েম তালুকদার বলেন, ‘‘আমাদের এলাকার রাস্তাটি টাঙ্গাইল শহররক্ষা বাঁধ হিসেবে কাজ করে। রাস্তার আংশিক ভেঙে পড়েছে। বাকি অংশে ফাটল ধরেছে। যে কোনো সময় রাস্তা ভাঙতে পারে।’’
স্থানীয় মো. রানা মিয়া বলেন, শুষ্ক মৌসুমে নদী থেকে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে প্রতি বছর ফসলি জমিসহ ভিটেবাড়ি বিলীন হয়। বাংলা ড্রেজারের বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানালেও তারা প্রদক্ষেপ নেয়নি।
মো. তুলা মিয়া বলেন, তার ১৮০ শতাংশ পৈত্রিক সম্পত্তি ছিল। নদীর পাড় ভাঙতে ভাঙতে এখন এই ২০ শতাংশ বাড়ি অবশিষ্ট রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি ভালোভাবে অবগত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

