ভোলা সংবাদদাতা : অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ভোলা সদর উপজেলায় এসিডে আক্রান্ত তানজিম আক্তার মালা (১৬)। এসিডে আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মালা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মালার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মালা ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের হেলাল রাঢ়ির কন্যা। গত ১৪ মে গভীর রাতে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মালা এবং বোন মারজিয়া (৮) এসিড হামলার শিকার হন। রাতে একসঙ্গে ঘুমানোর ফলে দুই বোনই এসিডে ঝলসে যায়।
এ সময় তাদের ডাক চিৎকার শুনে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ভোলা থেকে বরিশাল প্রেরণ করা হয়। পরে তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ৫৪ দিন পর ঢাকার সিআরপি হাসপাতালে শনিবার রাতে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, মালার সঙ্গে প্রেমে ব্যর্থ হওয়া প্রতিবেশি তরুণ মহব্বত হোসেন অপু এসিড হামলার প্রধান আসামী। সে ভোলা সরকারি কলেজের অনার্স ১ বর্ষের ছাত্র। ঘটনার ১১ দিন পর পুলিশ অভিযান চালিয়ে এই আসামীকে ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

