ঢাকাFriday , 6 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

Link Copied!

নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় পয়ত্রিশ জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে প্রতিবেদন।
সাভার : আমিনবাজারে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া, ধামরাইয়ের জয়পুরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও তার সহকারী।
নিহতরা হলেন-শফিকুল ইসলাম ও সুজাত মিয়া। তাদের বাড়ি পাবনায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঢাকায় ব্যবসায়িক কাজ শেষে তারা মোটরসাইকেলে পাবনা ফিরছিলেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সকালে ধামরাইয়ের জয়পুরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল হাড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঢাকার মিরপুরের হামিদুর রহমানের ছেলে কাভার্ড ভ্যান চালক সাজ্জাদ (৫০) ও বাসযাত্রী মসিউর (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাড়িপুকুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে কাজী ফার্ম লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক সাজ্জাদ ও বাসযাত্রী মসিউর ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিন্নাত পারভীন জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। এ কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কুমিল্লা : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৭ জন। শুক্রবার বেলা সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের দৌতলপুর এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাস ওভার টেকিং করার সময় ড্রিমলাইন পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ড্রিমলাইন পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পানিতে ডুবে এক বৃদ্ধা নিহত হন।
এ দুর্ঘটনায় আহত হন বাসের ১৭ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে স্থানীয় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
খুলনা : খুলনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কয়রা উপজেলার বামিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন (২০) কয়রা উপজেলার সদর ইউনিয়নের কয়রা গ্রামের কাদের ঢালীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে হেলাল উদ্দীন বাবু মোটরসাইকেলে কয়রা উপজেলা সদরে আসার পথে বামিয়ায় মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক হেলাল উদ্দীন এবং মোটরসাইকেলে থাকা রোকন ঢালী (২৬) গুরুতর আহত হয়। বাসের যাত্রী সাতক্ষীরার আশাশুনি উপজেলার ডুমুরপোতা গ্রামের আশালতা (৬০) ও হান্নান বিশ্বাস (৩২) মারাত্মক আহত হয়। তাদের কয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।