রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানসহ আইনশৃঙ্খলা রক্ষায় নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান সাংবাদিকদের জানান, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা তৈরির জন্য মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের এক সপ্তাহে আগে সেগুলো প্রকাশ করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য কেন্দ্র ও তার আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা নেওয়া হবে বলে জানান বিভাগীয় কমিশনার।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ আনোয়ার ফুয়াদ, র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম, বিজিবি-১ এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতে খায়ের, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, উপ-নির্বাচন কমিশনার ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম, জেলার নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে সহকারী রিটানিং অফিসার আতিয়ার রহমান প্রমুখ।

