পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় শিশু ধর্ষণে অভিযুক্ত সজিব হালদার ওরফে সবুজ (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর বাজার এলাকার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজিব চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর হালদারপাড়া গ্রামের হৃদয় হালদারের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সজিবকে আতাইকুলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মঙ্গলবার দুপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে একা পেয়ে বাড়ির পাশের মুরগির খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করে বখাটে সজিব। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সজিব পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। খবর পেয়ে পাবনা জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

