ঢাকাWednesday , 4 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ কোটি টাকার ১১টি গাড়ি জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ১১টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
বুধবার বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে গাড়িগুলো আটক করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে সাভারে সিআরপিতে অভিযান চালিয়ে বিলাসবহুল ১১টি গাড়ি জব্দ করে। ডিএফআইডির নামে শুল্কমুক্ত সুবিধায় আনা ১৯টি গাড়ি দুই বছর আগে সিআরপির গ্যারেজে রাখা হয়।
এর মধ্যে দুই দফায় আটটি গাড়ি সরিয়ে নেওয়া হলেও অবশিষ্ট গাড়িগুলো শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সেখানে রাখা হয়। সিআরপির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিক উল ইসলাম জানান, অনেক আগে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) আমাদের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করেছিল। সেই সুবাদে ২০১৬ সালের ২৭ জুন মাত্র ছয় মাসের জন্যে তারা গাড়িগুলো রেখে যায়। এরপর থেকে তারা দুই দফায় আটটি গাড়ি সরিয়ে নিলেও অন্যগুলো তারা আর নেয়নি।
সিআরপির নির্বাহী পরিচালক আরো জানান, ডিএফআইডি শুল্ক আইন ভঙ্গ করেছে বা শুল্ক ফাঁকি দিয়েছে, এটা জানা থাকলে আমরা গাড়িগুলো রাস্তায় ফেলে দিতাম। কখনোই গাড়িগুলো এখানে রাখা হতো না। তারা আমাদের গাড়িগুলো ব্যবহারের আহ্বান জানিয়েছে। তবে আমাদের প্রয়োজন হয়নি বলে আমরা তা ব্যবহারও করিনি।
সূত্র জানায়, কাস্টমস আইন অনুসারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে কেউ কোনো গাড়ি ব্যবহার করলে পরবর্তীতে ওই কর্মকর্তার পদবী পরিবর্তন হলে বা অন্য কোনো সংস্থায় যোগদান করলে পুরাতন কাস্টমস পাসবুক জমা দিয়ে নতুন করে পাসবুক গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা যাবে না। কাস্টমস আইন ১৯৬৯ এর ৭ ধারা অনুসারে প্রকল্পের কাজ শেষ হলে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির বিষয়ে এনবিআরকে জানাতে হয়। গাড়ি হাতবদল করলে বিক্রিত মূল্য সরকারি কোষাগারে জমা দিতে হয়।
বিদেশী এ সংস্থাটি আইনের বরখেলাপ করেছে। সূত্র মতে, এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ডিএফআইডির সঙ্গে যোগাযোগ করেও এ ব্যাপারে কোনো সদুত্তর পায়নি। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন।