নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু আশিকুর রহমান রিফাত হত্যাকাণ্ডে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (বিশেষ ট্রাইবুনাল ২) বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাদীর মেয়ের স্বামী (জামাতা) মহিউদ্দিন হাসনাত ও সাইফুল ইসলাম। রায় ঘোষণার সময় আদালতে মহিউদ্দিন হাসনাত উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত পিপি ফজলুল রহমান জানান, ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন একমাত্র ছেলে আশিকুর রহমান রিফাতকে নিয়ে ঢাকার মিরপুর-২ নম্বরের মনিপুর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। তাদের সঙ্গে মেয়ে ও মেয়ের স্বামীও থাকতেন। তোফাজ্জেল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগমের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় জামাতা মহিউদ্দিনের। এর জের ধরে ২০১২ সালের ১০ আগস্ট বাসার পাশের গলিতে বিকেলে খেলার সময় রিফাতকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে ওঠায় হাসনাত। ৩০ হাজার টাকায় ভাড়া করা দুই খুনি সাইফুল ইসলাম ও মিঠু শিশু রিফাতকে অপহরণ করে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নাভানা ভূঁইয়া সিটিতে নিয়ে যায়। নির্জন ওই স্থানে রাতে রিফাতের হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। রাতেই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ রিফাতের গলা কাটা লাশ উদ্ধার করে।
নিহতের বাবা তোফাজ্জেল হোসেন বলেন, ‘ছেলেকে নির্মমভাবে এরা হত্যা করে। দীর্ঘদিন পরে হলেও এ রায়ে পরিবার সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকরের দাবি জানাই সরকারের প্রতি।’

