জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর পৌর এলাকার পূর্বপলবান্ধা ব্যাপারিপাড়া এলাকায় শুক্রবার রাতে র্যাব-১৪ অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ জিয়াউল ব্যাপারী জর্দান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজীব কুমার দেবের নেতৃত্বে শুক্রবার রাতে পূর্ব পলবান্দা ব্যাপারিপাড়ায় সওদাগর ব্রিকসের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জর্দানকে গ্রেপ্তার করে। ওই এলাকার লিয়াকত আলীর ছেলে জর্দান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে র্যাব জানিয়েছে।
তার বিরুদ্ধে ইসলামপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে জর্দানকে আদালতে সোর্পদ করা হয়েছে। র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার রাজীব কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

