নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মাদক ব্যবসায়ী আমান হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার র্যাব-১ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরের ১৮ নং রোডে অভিযান চালিয়ে আমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, আমান হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় মাদক ব্যবসা করেন। ইয়াবার চালানটি জামাল ও সুজন নামের দুই ব্যক্তির কাছে পাচারের অপেক্ষায় ছিলেন তিনি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

