ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটিবাসীকে জাহাঙ্গীর আলমের ধন্যবাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন এলাকাবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ দিয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি করপোরেশনের ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা) পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। ভোটের ব্যবধান ২ লাখ ২ হাজার ৩৯৯ ভোট।
গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ ভোট। ভোট বাতিল হয়েছে ১৮ হাজার ৬৩৮টি। বৈধ ভোট ৬ লাখ ৩০ হাজার ১১১।
বুধবার সকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোয়িামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।
এর আগে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোয়িামে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম সেখানে যান এবং উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘সর্বোপরি আমি এলাকাবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে তাদের সন্তান মনে করে, কাজ করার মানুষ মনে করে, বিশ্বাস করে তারা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। সেটা যেন আমার ঈমানের সহিত সততা, দক্ষতা এবং আদর্শের মধ্যে থেকে দায়িত্বটা পালন করতে পারি। এত দিন আমি মানুষের কাছে গিয়েছি ভোট চাওয়ার জন্য। এখন আমাকে মানুষের কাছে যেতে হবে কাজের জন্য। কাজটা যেন করতে পারি এর জন্য আমি সৃষ্টিকর্তা এবং সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই। সবার সহযোগিতা এবং দোয়া নিয়ে বাসযোগ্য শহর করতে চাই। সেই জন্য আমি সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ দিয়েছি, আমাকে এবং নৌকাকে ভোট দেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘গাজীপুরের মানুষ যানজট, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনার মধ্যে আছে। তাই বলেছি, আমাকে ও নৌকাকে ভোট দেন। আমি আপনাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দিতে চাই। সিটি করপোরেশন নিয়ে আমার একটি মাস্টার প্ল্যান তৈরি করা আছে। এটা নিয়ে সবার সাথে পরামর্শ করে কাজটা করতে চাই। সিনিয়র সবার কাছে সহযোগিতা চাই।’
আপনার যারা প্রতিপক্ষ ছিল তাদের কীভাবে সঙ্গে নিয়ে কাজ করতে চান, তাদেরকে পাশে পেতে চান কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই আমি পাশে পেতে চাই। আমি যা চিন্তা করেছি তা নিয়ে তাদের সাথে আলোচনা করব। আমি চাই কাজের স্বার্থে, ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে, পরিচ্ছন্ন নগরীর স্বার্থে তারা যেন আমাকে সহযোগিতা করেন।’