নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার, কেন্দ্র দখল এবং বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে আমরা এ পর্যন্ত যতো অনিয়ম, গ্রেপ্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ পেয়েছি, তা ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মো. সোহরাব উদ্দিন রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
তিনি বলেন, পুলিশ বিভিন্ন কেন্দ্রে গিয়ে বলছে গণমাধ্যমকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। গণগ্রেপ্তার, কেন্দ্র দখল ও ধানের শীষ প্রতীকের এজেন্ট বের করে দিয়ে চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। কেন্দ্রে যাওয়ার পথে ডিবি পুলিশ ধানের শীষের এজেন্ট ও কেন্দ্র কমিটির সদস্যদের গণহারে গ্রেপ্তার করছে। সকাল ৬টা থেকেই শুরু হয় পুলিশের এই গণগ্রেপ্তার।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, সোমবার দিবাগত রাত ৮ টায় ২ নম্বর ওয়ার্ড কাশিমপুর ইউনিয়নের পানি শাইল এলাকায় সাভার পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র আব্দুল গণি ২ শতাধিক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে সেখানে অবস্থান নিয়েছে। মুন্সিপাড়া ন্যাশনাল প্রিন্টিং প্রেসে সারা রাত ব্যালট পেপার ছাপিয়ে আওয়ামী সন্ত্রাসীরা সেগুলো নিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়েছে।
এ সময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। বিএনপির নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে অভিযোগ করে এ সময় গভীর উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গতরাত ৩টায় মিজানুর রহমানকে গুলশানে তার নিজ বাসভবন থেকে দরজা ভেঙে গ্রেপ্তার করেছে র্যাব। কিন্তু র্যাব তাকে গ্রেপ্তারের বিষয়টি এখনও পর্যন্ত স্বীকার করেনি। আমি দলের পক্ষ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মিজানুর রহমানকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

