নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমি কখনো পদের আশা করিনি, তবে দলীয় প্রধান শেখ হাসিনা যে ভরসা করে আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন, আমি তা পালনের চেষ্টা করব। নতুন পদ পাওয়ার পর শুক্রবার রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য মনোনীত হয়েছেন তিনি।
তিনি নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি তো শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেছি তা নয়। জাতিসংঘেও আমি কাজ করেছি। তখন ৩০/৪০টা দেশে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে তাদের অ্যাডভাইস করেছি। সেই সুবাদে বিভিন্ন রাষ্ট্রনায়কের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিট করার মতো রাষ্ট্রনায়ক আমার চোখে পড়েনি।
বিএনপি যদি এবারও ভোট বর্জন করে তাহলে সরকার কী করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ৫০টা দলের মধ্যে একটা দল। এমন না যেন ব্রিটেনের মতো তিনটা দল। লেবার, ডেমোক্রেটিক আর রিপাবলিকান। বাংলাদেশে তো রাজনৈতিক দৈন্য নেই। দলের তো আমরা পাঁচজন মিলে একটা দল করে ফেলতে পারি। বাংলাদেশের জনগণের সেই যোগ্যতা আছে। ৫০ দলের মধ্যে একটা দল যদি না আসে তারা যদি স্বেচ্ছায় মুসলিম লীগ হতে চায়, আমরা কীভাবে ঠেকাব? আমরা কি ঠেকাতে পারব? আমরা তাদের বলব যে, আমরা এখানে কনটেস্ট করব না, আপনারা আসুন? উনারা চান, উনাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক। রাজনীতিতে আমরা তো রাস্তায় ছিলাম। উনারা কি ভুলে গেছেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন তো পাড়ায় একটা মিছিলও করতে পারিনি?
২০০৪ সালে বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার কথাও তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, একুশে আগস্ট নেত্রীর ওপর হামলা হয়েছে। আমরা মিটিং করতে পারিনি। রাস্তায় বের হতে পারিনি। আমরা যদি ওই পরিবেশ পরিস্থিতিতে জনমত সৃষ্টি করে সাধারণ জনগণের ভোটে জিততে পারি তাহলে উনারা পারবেন না কেন?

