ফেনী প্রতিনিধি : অন্য যে কোনো বছরের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে, মহাসড়কে কোনো ধরনের যানজট তৈরি হয়নি। পরিবহন মালিকরা যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে না তা আমি অস্বীকার করবো না। কিছু কিছু নেয়, কারণ গাড়িগুলো যায় ভর্তি হয়ে ফেরার সময় খালি হয়ে ফিরে।
শুক্রবার বেলা ১১টার দিকে ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস কাজের পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে প্রয়োজনবোধে সংবিধানের আলোকে সেনাবাহিনী মোতায়েন হতে পারে। প্রয়োজন পড়লে নির্বাচন কমিশন সরকারকে বলবে। পরিবেশ পরিস্থিতি তৈরি হলে সরকার সিদ্ধান্ত নেবে।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি শুসেন চন্দ্রশীল প্রমুখ।

