
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র জাতীয় কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইসুল আলম মন্ডল, আইএমইডি’র সচিব মফিজুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক গোলজার হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)’র সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইসুল আলম মন্ডল। আইএমইডি’র সচিব মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক গোলজার হোসাইন। প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হকসহ আইএমইডি ও প্লানিং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৫ বছর মেয়াদী ইউনিয়ন প্রকল্পের কার্যক্রম শুরুর ৩ বছরের মাথায় নিবিড় পরিবীক্ষণ ও মূল্যায়ন করা হয় যা সংশ্লিষ্ট মহলে বেশ প্রশংসিত হয়েছে। বেসরকারি সংস্থা পার্টিসিপেশন প্রমোটার্স বাংলাদেশ লি. প্রকল্পের সকল কার্যক্রমের মূল্যায়ন করে। কর্মশালায় এ মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে সোয়াট এনালাইসিসের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের সফলতা, দুর্বলতা, সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা হয় এবং তা সমাধানে কর্মপদ্ধতিও নির্ধারণ করা হয়। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে এ সময় কিছু পরামর্শ ও সুপারিশ প্রদান করা হয়।

