নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৪ জুলাই ধার্য করেছেন আদালত।
সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই সুজন চন্দ্র দে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
প্রসঙ্গত, গত বছর ১৭ আগস্ট সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় ইমরান এইচ সরকার উপস্থিত ছিলেন। হঠাৎ একদল যুবক তাদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। কথাবার্তার একপর্যায়ে হকিস্টিক দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করেন তারা।
ওই ঘটনায় ওইদিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত নামা ১০/১১ জনকে আসামি করা হয়েছে।

