নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকার লালকুটি তৃতীয় কলোনির একটি বাসা থেকে হাত পা বাঁধা অবস্থায় শাহানা আলম খান ওরফে বিউটি (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় লালকুটি তৃতীয় কলোনির ২৫২/এ নম্বর বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রোববার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহানার বাড়ি খুলনা জেলায়। কামাল হোসেন নামে পুলিশের এক সহাকারী উপপরিদর্শকের (এএসআই) স্ত্রী শাহানা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, গতকাল সন্ধ্যায় শাহানার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মুখ স্কচটেপ দিয়ে পেচানো ছিল ও হাত এবং পা পাটের দড়ি দিয়ে বাঁধা ছিল। লাশ উদ্ধারের সময় নিহতের ভাই পরিচয়দাতা কবির হোসেন ও গৃহকর্মী দোলন ছিলেন।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদনের বরাতে তিনি জানান, নিহতের গলার একপাশে কালো দাগ ও অন্যপাশে রক্ত ছিল।
হত্যার মোটিভ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে জানান এনামুল হক।

