পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মামলার এজাহারভুক্ত এক আসামি সোহেল মহাজনকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি সোহেলকে খুঁজছে পুলিশ।
উপজেলার দাশেরকাঠি গ্রামের খাল থেকে সোমবার রাতে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উপজেলার দাশেরকাঠি গ্রামের হিরু মহাজনের মেয়ে। সে স্থানীয় দাশেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় লোকজন, পরিবার, ও পুলিশ জানায়, সোমবার দুপুরে ঝড় হয়। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায় মেয়েটি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। রাত ১০টার দিকে বাড়ির পাশের দাশেরকাঠি খালে একটি লাশ ভাসতে দেখে লোকজন। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। রাতেই মুক্তার মা শানু বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়।
নিহতের বাবা হিরু মহাজন জানান, প্রতিবেশী পারভেজ মহাজন তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। পারভেজ ও তার ভাই সোহেল মেয়েকে হত্যা করে খালে লাশ ফেলে দিয়েছে বলে তার সন্দেহ।
কাউখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মুক্তার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

