জামালপুর সংবাদদাতা : জামালপুরে পৃথক বজ্রপাতে বকুল (২৫) ও হাবিবুর রহমান (৩৫) নামের দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ছাড়া, আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বকুল ইসলামপুরে দক্ষিণ চিনাডুলি গ্রামের ছাত্তার মিয়ার ছেলে ও হাবিবুর রহমান সরিষাবাড়ীর মহাদানের শ্যামের পাড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।
চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় বকুল ও রাজ্জাক একটি ছোট নৌকাযোগে যমুনা নদীপথে চিনাডুলী নৌঘাট থেকে গুঠাইল বাজারে যাওয়ার সময় তাদের ওপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই বকুল মারা যান এবং রাজ্জাক গুরুতর আহত হন। আহত রাজ্জাককে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ক্ষেতে ধান কাটার সময় কৃষক হাবিবুর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

