চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৫৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার র্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ জিয়া (২১) এবং বেলাল হোসেন (২৮)।ফেনসিডিল পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাস আটক করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে মাইক্রোবাসে ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল সীতাকুন্ড থানার ভাটিয়ারী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয়। মাইক্রোবাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় সেটি আটক করে তল্লাশি চালায়। মাইক্রোবাসের ভেতর থেকে ৫৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দুই মাদক ব্যবসায়ী জিয়া ও বেলাল হোসেনকে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ছয় লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।

