ফেনী সংবাদদাতা : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগেরও যুগ্ম সম্পাদক।
জানা যায়, বুধবার বিকেলে এক নারী বিচারপ্রার্থী তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাগ্নেকে নিয়ে তার পারিবারিক বিচার চাইতে এসেছিলেন চেয়ারম্যান নুরুল ইসলামের কাছে। চেয়ারম্যান ওই নারীর ভাগ্নেকে ঠান্ডা পানীয় আনতে দোকানে পাঠিয়ে ইউপি কাযালয়েই ধর্ষণকান্ড করেন। ভাগ্নে দোকান থেকে ফিরে দরজা বন্ধ দেখতে পায় এবং ভিতরে তার খালার চিৎকার শুনতে পায়। এ পরিস্থিতিতে ভাগ্নের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এলে চেয়ারম্যান দরজা খুলে পালিয়ে যান।
এলাকাবাসী ওই নির্যাতিতা নারীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। বুধবারই রাত ৮টার দিকে এ ঘটনায় ধর্ষিতার শাশুড়ি হাজেরা বেগম বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামী করে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। পুলিশ গভীর রাতেই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।
রাতেই ফেনী জেলা আধুনিক সদর হাসপাতালে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। নির্যাতিত নারীর স্বামী তার স্ত্রীর শ্লীলতাহানির দ্রুত ও কঠোর শাস্তির দাবী করেছেন। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

