আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক গ্যাস হামলার পরিপ্রেক্ষিতে কর্মপন্থা নির্ধারণের জন্য ল্যাটিন আমেরিকার প্রথম রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, সিরিয়ায় মার্কিন প্রতিক্রিয়া কী হবে সেটা দেখার জন্য ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করবেন।
এর আগে ট্রাম্প সিরিয়ায় বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক হামলার ঘটনায় আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও একাধিক সামরিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের ল্যাটিন আমেরিকা সফর বাতিল এটাই ইঙ্গিত দিচ্ছে যে, সিরিয়া সরকারের বিরুদ্ধে ছোটখাটো পদক্ষেপ নয়, বরং এখন বড়সর সামরিক অভিযানের কথা ভাবছে ওয়াশিংটন।
শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন দ্য হোয়াইট হেলমেটস জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় ভয়াবহ রাসায়নিক হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। তবে এ খবর কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ার সরকারি গণমাধ্যম বিদ্রোহীদের এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারি বাহিনীর পক্ষ থেকে কোনো রাসায়নিক হামলা চালানো হয়নি। সোমবার সামরিক নেতা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছেন, সোমবার মধ্যরাতে কিংবা এর কিছু পরেই তিনি সিরিয়াকে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেবেন। সিরিয়ায় সামরিক পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের কাছে অনেক উপায় আছে।

