স্পোর্টস ডেস্ক : মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে বার্সার শিরোপা জেতা প্রায় নিশ্চিত। শিরোপা জয়ী বার্সাকে সান্তিয়াগো বার্নাব্যুতে গার্ড অব অনার না দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
দলের কোচের এমন মন্তব্যের পর ভক্তদের মতামত জানতে ভোটিংয়ের আয়োজন করে স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া মাধ্যম মার্কা। ভোটিং পুলে দেখা যায় সেখানেও বার্সাকে গার্ড অব অনার দেওয়ার পক্ষে নয় রিয়াল সমর্থকরা।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার লা লিগার শিরোপা জেতাটা এখন সময়ের ব্যাপার মাত্র। চলতি মাসেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যেতে পারে কাতালানদের। আর তা হলে নিয়মানুযায়ী ৬ মে এল ক্লাসিকোতে বার্সাকে গার্ড অব অনার দেওয়ার কথা রিয়াল মাদ্রিদকে। তবে রিয়াল কোচের পর এবার দলটির সমর্থকরাও বার্সাকে গার্ড অব অনার না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। এই অনার না দেওয়ার সংস্কৃতি অবশ্য বার্সেলোনাই চালু করেছে বলে দাবি তাদের।
গত ১৬ ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। ২৪ ডিসেম্বর বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয় বার্সা-রিয়াল। নিয়মানুযায়ী ফিফা ক্লাব বিশ্বকাপ জেতায় রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দেওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু তারা সেটা দেয়নি।
সমর্থকদের মত জানার আয়োজনে মার্কার ইংলিশ পুলের মোট ভোট ছিল ১৬ হাজার। সেখানে ৬৩ শতাংশ ভোট পড়ে বার্সাকে গার্ড অব অনার না দেওয়ার পক্ষে। ৩৭ শতাংশ ভোট বিপক্ষে পড়ে।
অন্যদিকে মার্কা স্প্যানিশ ভাষার পুলে মোট ভোট ছিল ১ লাখ ১৫ হাজার। এখানে ৫২ শতাংশ রিয়াল সমর্থক মনে করে বার্সাকে গার্ড অব অনার দেওয়া উচিত নয়। আর ৪৮ শতাংশ ভিন্নমত প্রকাশ করেছে।

