আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েনের কার্যালয়ে সোমবার অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ক্ষিপ্ত ট্রাম্প বলেছেন, ‘এই অভিযান আমাদের দেশের ওপর হামলার সমান।’
পর্নো অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়ার ঘটনা তদন্তে নানা দলিলাদি সংগ্রহে এই অভিযান চালান এফবিআইয়ের প্রতিনিধি রবার্ট মুয়েলার।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তের ভারও রয়েছে রবার্ট মুয়েলারের ওপর। গত মাসে এ নিয়ে মুয়েলারের ওপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ট্রাম্প। সোমবারের অভিযানের পর হোয়াইট হাউস থেকে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, ‘এটি একটি কলঙ্ক যে এফবিআই আমার আইনজীবীর কার্যালয়ে ঢুকেছে। এটি আমাদের দেশের ওপর হামলার সমতূল্য।’
সোমবারের অভিযানের পর ট্রাম্প যে যুক্তরাষ্ট্রের আইন ও বিচারবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক মুয়েলারকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন সেই আশঙ্কা সৃষ্টি হয়েছে।

