বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। এক সময় নিয়মিত অভিনয় করলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। ২০১৪ সালে মুক্তি পায় এ অভিনেত্রীর মারদানি সিনেমাটি। ওই বছরই নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রানী। ২০১৫ সালের ডিসেম্বরে এই দম্পতির ঘর আলো করে আসে আদিরা নামের কন্যা সন্তান। সবমিলিয়ে দীর্ঘ বিরতির পর সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা হিচকি।
তবে তার পরবর্তী সিনেমার জন্য আর দীর্ঘ বিরতিতে যাবেন না রানী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবাইকে বলেছিলাম, আমার পরবর্তী সিনেমা নির্ভর করবে হিচকি কেমন সাড়া ফেলে তার ওপর। আমি মনে করছি, আর দীর্ঘ বিরতি নিব না, খুব শিগগির পরের সিনেমা নিয়ে ফিরব।’
তিনি আরো বলেন, ‘আরো সিনেমা করব কারণ আমি এটি ভালোবাসি। কিন্তু বিয়ে ও বাচ্চার জন্য চার বছরের বিরতি পড়েছিল। আমি দেখতে চেয়েছিলাম, দর্শক আমাকে পর্দায় দেখতে চায় কিনা। এখন আমি বুঝতে পেরেছি, দর্শক আমাকে দেখে খুশি হয়েছেন এবং আমিও প্রস্তুত। যে সকল প্রজেক্ট হিচকি মুক্তির জন্য বন্ধ রেখেছিলাম, এখন সেগুলো আলোর মুখ দেখবে।’
হিচকি সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। এতে ‘টোরেটে সিনড্রম’ আক্রান্ত ন্যাইনা মাথুর নামের এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন রানী। ২৩ মার্চ মুক্তি পেয়েছে সিনেমাটি।

