বিনোদন ডেস্ক : অভিনেতা অর্জুন কাপুর। বর্তমানে নমস্তে ইংল্যান্ড সিনেমার শুটিং করছেন তিনি। আর সিনেমাটির জন্য দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত শুটিং করেছেন এ অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে হঠাৎ পরলোকগমন করেন অর্জুনের বিমাতা অভিনেত্রী শ্রীদেবী। সে সময় বাবা বনি কাপুরের পাশে থাকতে মুম্বাই ছুটে গিয়েছিলেন অর্জুন। ওই সময় তার শিডিউল বিপর্যয়ের কারণে সিনেমার যেন কোনো আর্থিক ক্ষতি না হয় এ কারণে দিনে ১৮ ঘণ্টা শুটিং করেছেন অর্জুন।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘গত কয়েক সপ্তাহ অর্জুন ডাবল শিফটে কাজ করেছেন। শ্রীদেবীর মৃত্যুর কারণে তিনি কিছুদিন শুটিং থেকে বিরত ছিলেন। এ জন্য তার শিডিউল বিপর্যয় হয়। কিন্তু অর্জুন একজন প্রযোজকের ছেলে তাই ভালোভাবেই জানেন সামান্য দেরিতে কী পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়। সিনেমার ওপর কোনো প্রভাব যেন না পড়ে এ জন্য তিনি দিনে ১৮ ঘণ্টা শুটিং করেছেন।’
বর্তমানে ভারতের পাতিয়ালাতে সিনেমাটির শুটিং হচ্ছে। এপ্রিলের মাঝামাঝিতে এখানে শুটিং শেষ করবেন নির্মাতারা। এরপর লন্ডনে এর শুটিং হবে। সিনেমাটিতে অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। সিনেমাটি পরিচালনা করছেন বিপুল শাহ।

