আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড পাওয়া ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রান্তের দুই দিন পর তিনি আত্মসমর্পণ করলেন। এর আগে সময়সীমা পেরিয়ে গেলেও আত্মসমর্পণ না করায় নাটকীয়তার সৃষ্টি হয়। লুলাকে গ্রেপ্তারে পুলিশ যেন ঢুকতে না পারে সেজন্য তার সমর্থকরা সাও পাওলোর স্টিলকর্মীদের ইউনিয়ন ভবনে তার অবস্থানস্থল ঘিরে রাখে। ফলে পুলিশের সাথে লুলার সমর্থকদের বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়।
লুলা জানিয়েছিলেন, তিনি তার গ্রেপ্তারি পরোয়ানায় সাড়া দেবেন। তবে তিনি দাবি করেন বলেন, ‘আমি নির্দোষ।’
শনিবার লুলা স্টিলকর্মীদের ইউনিয়নের ওই ভবনের নিজ কার্যালয় থেকে বের হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং পুলিশ তাকে গাড়িতে করে নিয়ে যায়। লুলাকে এখন দেশটির দক্ষিণের শহর কিউরিটিবায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

