স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। সেই হতাশা ভুলে ইংলিশ লিগের ম্যাচে আজ মর্যাদার ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পেপ গাদিওলার ম্যানসিটি।
লিভারপুলের বিপক্ষে সবশেষ ৩-০ গোলের হারে ভক্তদের নিরাশ করলেও আজ ম্যানইউকে হারাতে পারলেও বড় উপহার নিয়ে মাঠ ছাড়বে সিটিজেনরা। আজ হাই-ভোল্টেজ ম্যাচ ম্যানইউকে হারাতে পারলে ৬ ম্যাচ হাতে রেখেই ইংলিশ লিগের শিরোপা জয়ের স্বাদ পাবে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আজ ম্যানইউকে স্বাগত জানাবে ম্যানসিটি। বাংলাদেশ সময় সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও আজ খেলতে পারবেন না ম্যাসিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। হাটুর চোটের কারণে সিটির হয়ে শেষ চারটি ম্যাচে মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন এই তারকা। তার সঙ্গে চোটের কারণে অনুপস্থিত রয়েছেন বেঞ্জামিন মেন্ডি। আজ শিরোপা জিতলেই নতুন একটি রেকর্ড গড়বে ম্যানচেস্টার সিটি। আর তা হচ্ছে ইংলিশ লিগে সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের রেকর্ড।
আজই শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখলেও ম্যানইউর সাম্প্রতিক ফর্ম কিছুটা বেকায়দায় ফেলতে পারে সিটিজেনদের। সব প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে হোসে মরিনহোর ম্যানইউ। তবে শেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারলেও ইংলিশ লিগে শেষ ২৭ ম্যাচে অপরাজিত থাকাটা আত্মবিশ্বাস যোগান দিচ্ছে ম্যানসিটির খেলোয়াড়দের। এর মধ্যে ১৪টিতে টানা জয় পেয়েছে গার্দিওলার শিষ্যরা।
শক্তিশালী ম্যানইউকে নিয়ে উদ্বেগ থাকলেও দুই দলের মুখোমুখি লড়াইয়ে এবার এগিয়ে ম্যানসিটিই। শেষ ১৩টি ম্যানচেস্টার ডার্বিতে ৮টিতে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইতিহাদ স্টেডিয়ামে সবশেষ দুই বারের সফরে অপরাজিত রয়েছে রেড ডেভিলসরা। এদিকে পেপ গার্দিওলার সঙ্গে সবশেষ ৭টি লিগ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ২০১২ সালে কেবল গার্দিওলার বার্সাকে ২-১ গোলে হারিয়েছে মরিনহোর রিয়াল মাদ্রিদ।

