বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ফারহান আখতার। অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও গায়ক হিসেবেও তার খ্যাতি রয়েছে। ফারহান আখতার পরিচালিত অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ডন। এ পর্যন্ত এ ফ্রাঞ্চাইজির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। তৃতীয় কিস্তি নির্মাণেরও পরিকল্পনা করছেন নির্মাতারা।
ডন-থ্রি নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এতে কে কে অভিনয় করবেন তা নিয়েও দর্শকের মাঝে বেশ কৌতূহল রয়েছে। সম্প্রতি নতুন করে গুঞ্জন ওঠে, ডন-থ্রি সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। খুব শিগগির এর শুটিং শুরু হবে। এতে পরিচালনার পাশাপাশি পুলিশের চরিত্রে অভিনয় করবেন ফারফান আখতার।
তবে ডন-থ্রি নিয়ে এ ধরনের গুঞ্জন না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন ফারহান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লিখেছেন, ‘যারা কোনো সত্যতা যাচাই না করে ডন-থ্রি নিয়ে ভুল খবর তৈরি করছেন, এটি থেকে বিরত থাকুন। মিথ্যা খবর দিয়ে ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দেয়াটা ভালো না।’
ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় রয়েছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ডন-টু। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। তবে এবার সিনেমায় কারা থাকছেন তা এখনো নিশ্চিত নয়। এর আগে এ প্রসঙ্গে ফারহান আখতার বলেছিলেন, ‘আমি এখনো কোনো চিত্রনাট্য তৈরি করিনি। তাই কে কে থাকবেন তা বলা খুব কঠিন। তবে শাহরুখ অবশ্যই থাকবেন। এছাড়া অন্যান্যদের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। এটি নির্ভর করবে চিত্রনাট্যতে কোন কোন চরিত্র থাকছে তার ওপর।’

