বিনোদন প্রতিবেদক : দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘মনপুরা’। মুক্তির আগেই সিনেমাটির গান দর্শক মহলে বেশ সারা ফেলেছিল। এবার ‘মনপুরা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান।
আগামী ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’। এটি মুক্তিকে সামনে রেখে ৩ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়েছে এর প্রথম গান। ‘এমন করে বলছি এটা তুই বলে/ একলা পেলে একটু খানি ছুঁই বলে/ সেই কথা কি অন্য লোকে সব জানে/ জানলে কী হয় রঙ মেখেছি সজ্ঞানে।’ এমন কথায় ‘এমন করে বলছি’ শিরোনামের গানটি লিখেছেন উম্মে রায়হানা মুমু। নিজের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ শরীফ শোয়াইব। সঙ্গে আছেন আরমিন মুসা। গানের দৃশ্যে দেখা যায়, প্রধান দুই চরিত্র পরীমনি ও ইয়াশ রোহানের মধ্যে রোমান্টিক নানা মুহূর্ত।
পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ শেষ হয়।

