বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ইতোমধ্যে এ জুটির কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। গতকাল রোববার সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হয়। সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেছেন।
আগামী ৬ এপ্রিল ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। হঠাৎ সিনেমাটির মুক্তির দিন চূড়ান্ত করা প্রসঙ্গে পরিচালক শাহনেওয়াজ শানু বলেন, ‘অনেক আগে সিনেমাটির শুটিং শুরু করেছিলাম। বিভিন্ন কারণে শুটিং শেষ করতে সময় লেগে যায়। তারপর পোস্ট প্রোডাকশনের কাজ ছিল। সব মিলিয়ে সিনেমাটির কাজ শেষ করতে খানিকটা বিলম্ব হয়েছে। তাই সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাওয়ার পর দেরি করতে চাচ্ছি না। ৬ এপ্রিল মুক্তির তারিখ ঠিক করেছি। আশা করছি, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন।’
এ প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বলেন, “পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটির গল্প ও মেকিং দারুণ হয়েছে। দর্শক সিনেমাটি দেখলে তা বুঝতে পারবেন।’’
‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমায় বাপ্পি-মাহি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। রোমান্টিক-অ্যাকশন ঘরানায় নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস।
নির্মাতা শাহনেওয়াজ শানুর পরিচালনায় এটি দ্বিতীয় সিনেমা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘মাটির পিঞ্জিরা’ মুক্তি পায় ২০১২ সালে।

