নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১৩ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য উপস্থাপনের জন্য দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিটর রানা দাস গুপ্ত, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পালোয়ান।
১৬ জনের মধ্যে চারজন আসামি ট্রাইব্যুনালের উপস্থিত ছিলেন। এসব আসামিদের বিরুদ্ধে গঠিত ১০টি অভিযোগের মধ্যে ছয়টি অভিযোগই হচ্ছে গণহত্যার অভিযোগ। এ ছাড়া লুন্ঠন, হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
গত ১৭ ডিসেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য ২২ জানুয়ারি দিন ঠিক করেন আদালত। পরে আসামি অসুস্থ হয়ে পড়ায় কয়েক দফা পিছিয়ে আজ অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়।
মামলার ১৬ আসামি হলেন- সালামত উল্লাহ খান, মৌলভী মোহাম্মাদ জাকারিয়া শিকদার (৭৮), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন (৬৩), মৌলভী নুরুল ইসলাম (৬১), মোহাম্মদ সাইফুল ওরফে সাবুল (৬৩), মমতাজ আহমদ (৬০), হাবিবুর রহমান (৭০), মৌলভী আমজাদ আলী (৭০), মৌলভী রমিজ হাসান, বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১), আব্দুল শুক্কুর (৬৫), মো. জাকারিয়া (৫৮), মৌলভী জালাল (৭৫) ও আব্দুল আজিজ (৬৮)।
এ মামলায় প্রথমে ১৯ জন আসামি ছিল। পরে মজিদ নামে একজন মারা যান। একজনের ঠিকানা খুঁজে না পাওয়ায় তাকেও বাদ দেওয়া হয়। সর্বশেষ আটক থাকা অবস্থায় মো. আব্দুর রশিদ মিয়া বিএ (৮৩) মৃত্যু হওয়ায় ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

