নিজস্ব প্রতিবেদক : দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন। রোববার সচিবালয়ে আগামীকাল সোমবার বিশ্ব অটিজম দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।
তিনি বলেন, অটিজম সচেতনতা দিবস সোমবার পালন করা হবে। এবার অটিজম সচেতনতা দিবসের মূল প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’। সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে ২০১৩ সাল থেকে প্রতিবন্ধীদের সংখ্যা জানতে জরিপ শুরু হয়েছে। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী দেশে অটিস্টিকের সংখ্যা ৪৪ হাজার ৬৭৫ জন, শারীরিক প্রতিবন্ধী ছয় লাখ ৯১ হাজার ৪৮৩ জন, দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা আছে ৫২ হাজার ৮৪৬ জনের। এর বাইরে দৃষ্টি প্রতিবন্ধী দুই লাখ ১৪ হাজার ৯৫৪ জন, বাক প্রতিবন্ধী এক লাখ ১৪ হাজার ৪৮৯ জন, বুদ্ধি প্রতিবন্ধী এক লাখ ২২ ৩০৪ জন, শ্রবণ প্রতিবন্ধী ৪৫ হাজার ৬৪৬, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ছয় হাজার ৫১৫, সেরিপালসি ৬৯ হাজার ৯৩৪ জন। এছাড়া বহুমাত্রিক প্রতিবন্ধী আছে ১৭ হাজার ৯৭২ জন, আর ডাউন সিনড্রোমে আক্রান্ত তিন হাজার ৫৫ জন এবং অন্যান্য ১২ হাজার ৯১১ জন।
মন্ত্রী বলেন, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের আগে দয়া বা করুণার দৃষ্টিতে দেখা হতো। কিন্তু আমাদের সমাজে মাথা উঁচু করে চলবার জন্য বাংলাদেশের সংবিধান তাদের অধিকার অর্পণ করেছে। সুতরাং সমাজে স্বাভাবিক জীবনযাপন করা প্রতিটি অটিতম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির সাংবিধানিক অধিকার।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

